Breaking







Friday, 27 November 2026

ভরসা প্রকল্প | সুবিধা, যোগ্যতা, আবেদন পদ্ধতি

ভরসা প্রকল্প পশ্চিমবঙ্গ | সরকারি গেজেট প্রকাশ, জানুন যোগ্যতা ও নিয়ম | Bharsha Scheme 2027 Details in Bengali

ভরসা প্রকল্প পশ্চিমবঙ্গ | সরকারি গেজেট প্রকাশ, জানুন যোগ্যতা ও নিয়ম | Bharsha Scheme 2027 Details in Bengali
ভরসা প্রকল্প | সুবিধা, যোগ্যতা, আবেদন পদ্ধতি
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য বড় খবর। রাজ্য সরকারের ভরসা প্রকল্প (BHARSHA Scheme) নিয়ে প্রকাশিত হলো সরকারি গেজেট বিজ্ঞপ্তি। গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখে এই প্রকল্প সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের যুব পরিষেবা ও ক্রীড়া দপ্তর।

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রকল্পটি আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। সরকারি গেজেটে প্রকল্পের যোগ্যতা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আর্থিক সহায়তার পরিমাণ, আবেদন যাচাই এবং অন্যান্য নিয়মাবলি বিস্তারিতভাবে জানানো হয়েছে।

তাহলে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? আবেদনকারীর বয়স কত হতে হবে? কী কী যোগ্যতা প্রয়োজন? কতদিন পর্যন্ত টাকা পাওয়া যাবে? কীভাবে আবেদন ও অভিযোগ জানাতে হবে? ভরসা প্রকল্পের সরকারি গেজেট অনুযায়ী সমস্ত তথ্য জেনে নিন আজকের প্রতিবেদনে।

একনজরে পশ্চিমবঙ্গ ভরসা প্রকল্প


বিষয় বিস্তারিত
প্রকল্পের নাম ভরসা
প্রকল্পের রাজ্য পশ্চিমবঙ্গ
সংশ্লিষ্ট দপ্তর যুব পরিষেবা ও ক্রীড়া দপ্তর
গেজেট প্রকাশের তারিখ ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি নম্বর 1277/DYS/IS-03/2026
প্রকল্প কার্যকর ১ জানুয়ারি ২০২৭
বয়সসীমা ২১ থেকে ৪৫ বছর
মাসিক আর্থিক সহায়তা ১,৫০০–২,০০০ টাকা
সর্বোচ্চ সুবিধার মেয়াদ ৫ বছর
টাকা প্রদানের পদ্ধতি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে

ভরসা প্রকল্প

ভরসা প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন আর্থিক সহায়তা প্রকল্প। রাজ্যের শিক্ষিত অথচ কর্মহীন যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

২৩ নভেম্বর ২০২৬ তারিখে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রকল্পটি অনুমোদিত হয়। এরপর ২৫ নভেম্বর ২০২৬ তারিখে সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই প্রকল্পটি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কার্যকর হবে।

ভরসা প্রকল্পের সুবিধা

সরকারি গেজেট অনুযায়ী, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মাসিক আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা মাসিক আর্থিক সহায়তা
নন-গ্র্যাজুয়েট / আন্ডারগ্র্যাজুয়েট ১,৫০০ টাকা
গ্র্যাজুয়েট ২,০০০ টাকা
সরকারি ITI-র ভোকেশনাল সার্টিফিকেট কোর্সে অধ্যয়নরত বা কোর্স সম্পূর্ণ করা যোগ্য প্রার্থী ২,০০০ টাকা

অর্থাৎ, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ নন-গ্র্যাজুয়েট ও আন্ডারগ্র্যাজুয়েট প্রার্থীরা মাসে ১,৫০০ টাকা এবং স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা মাসে ২,০০০ টাকা করে পাবেন। এছাড়া সরকারি ITI-র ভোকেশনাল সার্টিফিকেট কোর্সে অধ্যয়নরত অথবা কোর্স সম্পূর্ণ করা যোগ্য প্রার্থীরাও মাসে ২,০০০ টাকা পাবেন।

ভরসা প্রকল্পে আবেদনের যোগ্যতা

সরকারি গেজেটের Eligibility Criteria অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীদের নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে।
  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা: নন-গ্র্যাজুয়েট বা আন্ডারগ্র্যাজুয়েট বিভাগের প্রার্থীদের মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে, গ্র্যাজুয়েট বিভাগের প্রার্থীদের স্নাতক ডিগ্রি সম্পূর্ণ থাকতে হবে।
  • বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
  • কর্মহীন হতে হবে: আবেদনকারী স্বনিযুক্ত (Self-employed) হতে পারবেন না। পাশাপাশি কোনও সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
  • পরিবারের সদস্য: একই পরিবার থেকে সর্বাধিক দুজন আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন।
  • অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধাভোগী: পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা অথবা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে দিব্যাঙ্গজনদের জন্য মানবিক পেনশনের মতো পেনশন গ্রহণকারীরা এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন।
  • ভোটার তালিকায় নাম: ২০২৬ সালের SIR প্রক্রিয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় আবেদনকারীর নাম থাকতে হবে। তবে যাঁদের মামলা SIR Appellate Tribunal-এ বিচারাধীন রয়েছে অথবা যাঁদের CAA-এর অধীনে আবেদন বিবেচনাধীন রয়েছে, তাঁরাও এই শর্তে যোগ্য বলে বিবেচিত হবেন।

ভরসা প্রকল্পের টাকা কীভাবে দেওয়া হবে?

সরকারি গেজেট অনুযায়ী, ভরসা প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তার নিজের নামে থাকা আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই প্রকল্পের আওতায় অনুমোদিত অর্থ প্রতি মাসে অথবা নির্দিষ্ট সময়ের ব্যবধানে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে।
 
একজন যোগ্য উপভোক্তা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই প্রকল্পের আর্থিক সহায়তা পেতে পারবেন। তবে এই সুবিধা চালু রাখার জন্য তাঁকে প্রকল্পের নির্ধারিত সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

ভরসা প্রকল্পে আবেদন ও যাচাই প্রক্রিয়া

সরকারি গেজেটে ভরসা প্রকল্পের আবেদন যাচাইয়ের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম উল্লেখ করা হয়েছে।
  • আবেদনকারীদের যোগ্যতা ও সংগৃহীত তথ্য Field Verification-এর মাধ্যমে যাচাই করা হবে।
  • যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট আধিকারিক যোগ্য আবেদনকারীদের তালিকা সুপারিশ করবেন।
  • 'আপনার সরকার, আপনার পাশে' জনঅভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে পাওয়া আবেদনগুলি যুব পরিষেবা ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে পরীক্ষা করা হবে।
  • যাচাই করা তথ্য পরবর্তীকালে ভরসা প্রকল্পের মূল ডেটাবেসে যুক্ত করা হবে।

তবে সরকারি গেজেটে নতুন করে অনলাইন আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ বা পৃথক আবেদন পোর্টালের ঠিকানা জানানো হয়নি। তাই আবেদন সংক্রান্ত পরবর্তী সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হবে।

ভরসা প্রকল্পের হেল্পলাইন নম্বর ও ইমেল

ভরসা প্রকল্প সংক্রান্ত কোনও অভিযোগ, সমস্যা বা আর্থিক সহায়তা পেতে অসুবিধা হলে নিচে দেওয়া ইমেল ও হেল্পলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
  • ইমেল আইডি: bharsha.yss@gmail.com
  • হেল্পলাইন নম্বর: 6292248888

গুরুত্বপূর্ণ লিঙ্ক

ভরসা প্রকল্প সংক্রান্ত সম্পূর্ণ নিয়মাবলি পশ্চিমবঙ্গ সরকারের যুব পরিষেবা ও ক্রীড়া দপ্তরের প্রকাশিত সরকারি গেজেটে উল্লেখ করা হয়েছে।

বিষয় লিঙ্ক
Official Gazette PDF Download

ভরসা প্রকল্পের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পটি ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। তবে নতুন করে আবেদন গ্রহণের তারিখ এবং আবেদন পদ্ধতি সম্পর্কে পরবর্তী সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে এই প্রতিবেদন আপডেট করা হবে।

No comments:

Post a Comment